প্রিন্ট এর তারিখ: জুলাই ১০, ২০২৬, ৯:১৩ এ.এম. || প্রকাশের তারিখ: এপ্রিল ২৯, ২০২৬, ৬:৫০ পি.এম.

ঠাকুরগাঁওয়ে ২০০ হতদরিদ্র পরিবার পেল নগদ সহায়তা

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ঠাকুরগাঁওয়ে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) পৌর শহরের গোবিন্দনগর এলাকার সেন্ট মাদার তেরেজা স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। নির্বাচিত পরিবারগুলোকে এ সহায়তা তাদের জীবনমান উন্নয়ন, শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ এবং মৌলিক চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

আয়োজকরা জানান, সহায়তা প্রদানে কিছু শর্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ, অর্থ উৎপাদনশীল কাজে ব্যবহার এবং শিশুদের নিয়মিত স্কুলে পাঠানো।

সংস্থাটি জানিয়েছে, ধাপে ধাপে জেলায় মোট ৮০০ হতদরিদ্র পরিবারের মাঝে ৮০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।