বগুড়া প্রতিনিধি:
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তুলে অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাত এবং শারীরিক নির্যাতনের অভিযোগ এনে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এক নারী।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রায় এক বছর আগে তার পরিচয় হয় নাটক পরিচালক ও স্ক্রিপ্ট রাইটার সুজন সিদ্দিকী (৩৯)-এর সঙ্গে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা হয় এবং মিডিয়ায় কাজের সুযোগের আশ্বাস দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, গত ২৫ ডিসেম্বর ২০২৫ তাকে ময়মনসিংহে একটি আবাসিক হোটেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অচেতন করে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। ওই সময় তার কাছ থেকে থাকা প্রায় ৩ লাখ টাকা ও সাড়ে ৫ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করা হয় বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগীর আরও অভিযোগ, পরবর্তীতে বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে আরও কয়েক লাখ টাকা নেওয়া হয়। এরপর গত তিন মাস ধরে অভিযুক্ত যোগাযোগ বন্ধ করে দেন এবং তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লক করে দেন।
সর্বশেষ তিনি অভিযুক্তের বাড়িতে গেলে তাকে অস্বীকার করে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। ঘটনায় অভিযুক্তের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে।
ভুক্তভোগী প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত সুজন সিদ্দিকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

