Site icon দৈনিক নবদিগন্ত

কড়া নিরাপত্তায় আদালতে শিরীন শারমিন

কড়া নিরাপত্তায় আদালতে শিরীন শারমিন

হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে পুলিশি পাহারায় তাকে আদালতে হাজির করা হয় এবং হাজতখানায় রাখা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়।

লালবাগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যাচেষ্টা ও ভাঙচুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলার ভিত্তিতেই তাকে আদালতে তোলা হয়।

এর আগে ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, লালবাগ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে করা হয়।

মামলার বাদী মো. আশরাফুল। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ মামলায় শিরীন শারমিন চৌধুরী ৩ নম্বর আসামি।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন জানিয়েছেন, তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে এবং সেগুলোর তদন্ত চলমান।

জুলাইয়ের গণআন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন এবং ২০১৩ সালে দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন। টানা তিন মেয়াদ দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন।

Exit mobile version