প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৯:৪৭ পি.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ২:১৮ পি.এম.

‎কয়রায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, নিন্দা জানিয়ে উপজেলা জামায়াতের বিবৃতি

‎এসকে এম মহসিন রেজা ,উপজেলা প্রতিনিধি (খুলনা):

‎খুলনার কয়রায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং মরহুম মাওলানা এ কে এম তমিজ উদ্দীনকে নিয়ে বিভ্রান্তিকর, আপত্তিকর ও মনগড়া বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখা।

‎সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি শেখ সাইফুল্লাহ স্বাক্ষরিত এক প্রতিবাদ বার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

‎প্রতিবাদ বার্তায় বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে লাইভে মোশাররফ হোসেন রাতুল বিভিন্ন ব্যক্তির মাধ্যমে কয়রা উপজেলা জামায়াতে ইসলামী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং মরহুম মাওলানা এ কে এম তমিজ উদ্দীনকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য প্রচার করেন। বিষয়টি উপজেলা জামায়াতের দৃষ্টিগোচর হয়েছে।

‎জামায়াত নেতারা দাবি করেন, এসব বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। কোনো ব্যক্তি বা মহলের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জামায়াতে ইসলামী ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের সম্পর্কে অসত্য, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর বক্তব্য প্রচার গ্রহণযোগ্য নয়।

‎প্রতিবাদ বার্তায় আরও বলা হয়, মোশাররফ হোসেন রাতুল ও তাঁর কতিপয় সহযোগী জামায়াতবিরোধী রাজনৈতিক দল ও ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন বলে তারা মনে করেন। তাদের ভাষ্য, এর মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

‎এ ঘটনায় কয়রা উপজেলা জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে যাচাই-বাছাই না করে কোনো বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।