আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সামান্য কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা এবং সম্ভাব্য সমঝোতা নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে এই মূল্যহ্রাস দেখা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে তেলের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৭৫ সেন্ট কমে ৯৪ দশমিক ২৩ ডলারে নেমেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৫ সেন্ট কমে ৯১ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে।
এর আগের কার্যদিবসে উভয় ধরনের তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। তবে বাজারে নতুন করে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা এবং ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে পরদিন মূল্য কিছুটা কমে আসে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কোনো সমঝোতা চুক্তি হলে আন্তর্জাতিক বাজারে ইরানের তেল রপ্তানি বৃদ্ধি পেতে পারে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাড়বে এবং দামের ওপর চাপ সৃষ্টি হতে পারে।
বাজার পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধবিরতি এবং ওয়াশিংটন-তেহরান সম্পর্কের উন্নয়নের সম্ভাবনায় মে মাসজুড়ে তেলের দাম ১৬ শতাংশের বেশি কমেছিল।
বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সাচদেভা বলেন, সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ থাকলেও এখন পর্যন্ত তেলের বাজারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে বিনিয়োগকারীরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
সূত্র: রয়টার্স

