সৌরভ দত্ত, কলকাতা:
সরকারি উদ্যোগে রবীন্দ্রজন্মজয়ন্তী হোক, বা যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান— প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সব মঞ্চই যেন চাঁদের হাট! এমনটাই রেওয়াজ হয়ে গিয়েছিল গত দেড় দশক ধরে। পালাবদলের ধাক্কায় সেই চেনা ছবিতেও রাতারাতি বদল! শনিবার রবীন্দ্রজন্মজয়ন্তী উপলক্ষে কালীঘাটে নিজের বাড়ির সামনেই অনুষ্ঠানের আয়োজন করেন মমতা।
বড়পর্দা তো দূর্অস্ত, ছোটপর্দার অভিনেতাদেরও এ দিন দেখা যায়নি তাঁর অনুষ্ঠানে। অথচ, যাঁদের নাকি আসার কথা ছিল, তাঁরাই একসময় মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর সরকারি যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে মঞ্চ আলো করে বসতেন। বিকেল চারটে নাগাদ তৃণমূল নেত্রীর কালীঘাটের বাড়ির সামনে অনুষ্ঠান শুরু হয়। অভিনয় দুনিয়া থেকে দেখা গেল শুধু সুভদ্রা মুখোপাধ্যায়কে।
ছোটপর্দার জনপ্রিয় মুখ, যাঁরা তৃণমূলের প্রচারে নিয়মিত যোগ দিয়েছেন তাঁদের দেখা মেলেনি! ভরত কল, সৌমিতৃষা কুণ্ডু, রূপাঞ্জনা মিত্র, তিয়াশা লেপচা, প্রিয়া পাল, ভিভান ঘোষ, দিগন্ত বাগচী, রিমঝিম মিত্র— কেউ ছিলেন না! নেই চিরঞ্জিৎ চক্রবর্তী, ব্রাত্য বসু, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, নচিকেতা চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, জুন মালিয়া-সহ ‘হেভিওয়েট’ মুখও।
অথচ, এঁরাই মমতা মুখ্যমন্ত্রী থাকার সময় তাঁর এক ডাকে সব অনুষ্ঠানে হাজির হতেন। তবে এ দিন অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়, অর্পিতা ঘোষ, অভিনেতা এবং তৃণমূলের জয়ী বিধায়ক কুণাল ঘোষ, আবৃত্তিকার প্রণতি ঠাকুর, সুতপা বন্দ্যোপাধ্যায়। বাবুল, অর্পিতা, কুণাল রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন। আবৃত্তি করেছেন আবৃত্তিকারেরা।

