সৌরভ দত্ত, কলকাতা
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার। রবীন্দ্রজয়ন্তীর দিন সকাল ১০টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ এই আয়োজন অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের। এছাড়াও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় নেতারাও অনুষ্ঠানে অংশ নেবেন।
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর শনিবার শপথগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে অমিত শাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে আলোচনা চলছে।
নির্বাচনী প্রচারের সময়ই পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার রবীন্দ্রজয়ন্তীতেই নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে।

