আহমদ হুসাইন লস্কর, হাইলাকান্দি, আসাম:
এস ইউ সি আই (কমিউনিস্ট)-দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ আজ এক প্রেস বার্তায় বলেন চারটি রাজ্যের এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরপরই কেন্দ্র সরকার বাণিজ্যিক গ্যাসের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি করেছে।
একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম যেখানে ছিল ২,০৭৮.৫০ টাকা, তা বেড়ে এখন রেকর্ড পরিমাণ ৩,০৭১.৫০ টাকা হয়েছে। এর ফলে গ্রাহকদের জন্য বাইরের খাবার এবং ‘ডেলিভারি’র মাধ্যমে আনা খাবার অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠবে।পেট্রোল ও ডিজেলের খুচরা দামও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
এমতাবস্থায়, প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের সাধারণ মূল্যস্তর আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে উঠবে। তিনি বলেন দেশের বিজেপি- নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির কাছে লজ্জাজনকভাবে আত্মসমর্পণ করেছে এবং রাশিয়া ও ইরান থেকে সস্তায় তেল আমদানি বন্ধ করে দিয়ে অনেক চড়া দামে মার্কিন কোম্পানির তেল কিনছে।
তিনি রন্ধন গ্যাসের এই মূল্যবৃদ্ধির তীব্র বিরোধিতা করে বলেন—এর মূল উদ্দেশ্য হলো পুঁজিবাদের সংকটের বোঝা দেশের নিপীড়িত মানুষের ওপর চাপিয়ে দেওয়া। একই সাথে তিনি সর্বস্তরের ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সোচ্চার হতে আহ্বান জানান যাতে সরকার অবিলম্বে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে বাধ্য হয়।

