আহমদ হুসাইন লস্কর, হাইলাকান্দি, আসাম:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আসামের শিলচর শহরে ব্যাপক কর্মসূচি পালন করেছে বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। শহরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সিটু, এআইইউটিইউসি, এআইসিসিটিইউ, এআইটিইউসি, টিইউসিসি ন্যাশনাল, এআইকেএস, টিইউসিসি কাছাড় ও ইডাব্লিউটিসিসি’র উদ্যোগে এক কেন্দ্রীয় জমায়েত অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে সেখানে অস্থায়ী শহীদ বেদী স্থাপন করে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা মাল্যদান করেন। পরে অনুষ্ঠিত সমাবেশে শ্রমিক নেতা সুপ্রিয় ভট্টাচার্য একটি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন সুব্রত চন্দ্র নাথ, হায়দর হোসেন চৌধুরী, লোকনাথ দেবরায়, মিহির নন্দী, সুভাষ দেব, দেবদত্ত বিশ্বাস ও রঞ্জন দাসসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের হে মার্কেটে শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে আট ঘণ্টা কাজের অধিকার প্রতিষ্ঠিত হয়। সেই ঐতিহাসিক গুরুত্বের কারণেই বিশ্বব্যাপী প্রতি বছর ‘১ মে’ আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বক্তারা বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, অর্থনৈতিক সংকট, যুদ্ধ পরিস্থিতি ও সম্পদের বৈষম্যমূলক বণ্টনের কারণে শ্রমজীবী মানুষ চরম সংকটে রয়েছে। একইসঙ্গে ভারতের বর্তমান সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে তারা অভিযোগ করেন, শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রমিকদের অধিকার খর্ব করা হচ্ছে এবং কর্পোরেট স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সমাবেশে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, আট ঘণ্টা কর্মদিবস নিশ্চিতকরণ, অসংগঠিত খাতের শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং কৃষকদের ন্যায্য মূল্যের দাবিও তুলে ধরা হয়।
প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পর শ্রমিকরা একটি বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলটি সেন্ট্রাল রোড, নাজির পট্টি হয়ে প্রেমতলার গোলদিঘি মল এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এছাড়া আসামের হাইলাকান্দি জেলা ও অন্যান্য জেলায়ও যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালনের খবর পাওয়া গেছে।
ও অন্যান্য জেলাও মে’ দিবস পালনের খবর পাওয়া গেছে।

