দৈনিক নবদিগন্ত

ইরান সংকটে রাশিয়ার তেল আয় বেড়েছে

ইরান সংকটে রাশিয়ার তেল আয় বেড়েছে

ইরানকে কেন্দ্র করে সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় রাশিয়া তেল বাণিজ্যে উল্লেখযোগ্য মুনাফা করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যে এমনটাই জানা গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ও ইসরায়েলি হামলার পর তেল ও গ্যাস সরবরাহে সংকট দেখা দিলে রাশিয়ার আয় প্রায় দ্বিগুণে পৌঁছে যায়।

প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে হামলার পর ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে চলাচল কার্যত বন্ধ করে দেয়। এই পথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়।

রয়টার্সের তথ্য বলছে, রাশিয়ার তেল খাত থেকে আদায়কৃত খনিজ উত্তোলন কর মার্চে ছিল ৩২৭ বিলিয়ন রুবল। এপ্রিল মাসে তা বেড়ে প্রায় ৭০০ বিলিয়ন রুবলে পৌঁছায়, যা প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলারের সমান।

বিশ্লেষকদের মতে, বর্তমান সংঘাত রাশিয়ার জন্য অপ্রত্যাশিত আর্থিক সুবিধা এনে দিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

Exit mobile version