দৈনিক নবদিগন্ত

হাদি হত্যার আসামিকে ফেরত দিতে সম্মত ভারত

হাদি হত্যার আসামিকে ফেরত দিতে সম্মত ভারত

জুলাই আন্দোলনের সংগঠক ওসমান হাদি হত্যা মামলার দুই অভিযুক্তকে বাংলাদেশে ফিরিয়ে দিতে সম্মতি জানিয়েছে ভারত সরকার।

বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও ভারতের বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) দিল্লিতে পৌঁছে সন্ধ্যায় খলিলুর রহমান ও রিয়াজ হামিদুল্লাহ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।

ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে এবং পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালিত হবে।

ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তারে সহযোগিতার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান তিনি। উভয় দেশ প্রত্যর্পণ চুক্তির নিয়ম মেনে অভিযুক্তদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনার বিষয়েও বাংলাদেশ পুনরায় অনুরোধ জানায়।

বৈঠকে জয়শঙ্কর জানান, শিগগিরই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা—বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা—সহজ করা হবে।

ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে খলিলুর রহমান সরবরাহ বাড়ানোর অনুরোধ করেন। এ বিষয়ে ইতিবাচক বিবেচনার আশ্বাস দেন মন্ত্রী পুরী।

তিন দিনের সফরে দিল্লি অবস্থান শেষে ৯ এপ্রিল মরিশাসের উদ্দেশে রওনা দেবেন পররাষ্ট্রমন্ত্রী।

Exit mobile version