আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিনের অপেক্ষা শেষে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈঠকে বসেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বুধবার বিকেলে দিল্লির হায়দারাবাদ হাউসে অনুষ্ঠিত এই বৈঠকটি নতুন সরকার গঠনের পর বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক ভারত সফর হিসেবে গুরুত্ব পেয়েছে।
বৈঠকটি দুই দেশের সম্পর্কে বিদ্যমান শীতলতা কাটিয়ে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছে। বৈঠক শেষে জয়শঙ্কর সামাজিক মাধ্যমে জানান, আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে গঠনমূলক মতবিনিময় হয়েছে।
দুই দেশের আলোচনায় বাণিজ্য সম্প্রসারণ, ট্রান্সশিপমেন্ট সুবিধা চালু, জ্বালানি সহযোগিতা, গঙ্গার পানিচুক্তির নবায়ন এবং সীমান্তে সহিংসতা রোধের বিষয় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা সহজীকরণ, অপরাধীদের প্রত্যর্পণ, ভারতে অবস্থানরত রাজনৈতিক ব্যক্তিদের দেশে ফেরানো এবং উচ্চ পর্যায়ের সফর বিনিময় নিয়েও আলোচনা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন আদায়ের বিষয়টিও আলোচনায় ছিল। এছাড়া মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের চলমান সংঘাত পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকের বাইরে আগামী ৯ এপ্রিল একটি বিশেষ কূটনৈতিক উদ্যোগ দেখা যাবে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একই বাণিজ্যিক ফ্লাইটে মরিশাস যাবেন, যা ‘ফ্লাইট ডিপ্লোম্যাসি’ হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এই সফরে অনানুষ্ঠানিক পরিবেশে গুরুত্বপূর্ণ ইস্যুতে আরও গভীর আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
