দৈনিক নবদিগন্ত

যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের বড় সাফল্য বলছে হোয়াইট হাউস

যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের বড় সাফল্য বলছে হোয়াইট হাউস

ইরানের সঙ্গে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছে হোয়াইট হাউস। বুধবার (৮ এপ্রিল) প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ মন্তব্য করেন।

এক বার্তায় তিনি বলেন, ৩৮ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের প্রধান সামরিক লক্ষ্য পূরণ করেছে এবং তা ছাড়িয়ে গেছে। তার মতে, এই সামরিক সাফল্যই কূটনৈতিক আলোচনায় যুক্তরাষ্ট্রকে শক্ত অবস্থানে দাঁড়াতে সহায়তা করেছে।

লেভিট আরও বলেন, সামরিক অগ্রগতি যুক্তরাষ্ট্রকে উচ্চ পর্যায়ের দরকষাকষির সুযোগ দিয়েছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দলকে কঠিন আলোচনায় অংশ নিতে সক্ষম করেছে। এর ফলে দীর্ঘমেয়াদি শান্তির সম্ভাবনাও তৈরি হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, মার্কিন স্বার্থ রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকা কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়।

এদিকে ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর রাখতে ইরানকে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ রাখতে হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট করেছে।

প্রতিবেদন অনুযায়ী, এই প্রক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মধ্যস্থতার ভূমিকা পালন করেছেন। দুই সপ্তাহের সময়সীমা বাড়িয়ে আলোচনার সুযোগ তৈরির প্রস্তাবেও হোয়াইট হাউস অবগত ছিল।

যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচলের সম্ভাবনায় জ্বালানি বাজারে চাপ কিছুটা কমেছে।

Exit mobile version