দৈনিক নবদিগন্ত

মধ্যপ্রাচ্য ছাড়তে মার্কিন নাগরিকদের নির্দেশ

মধ্যপ্রাচ্য ছাড়তে মার্কিন নাগরিকদের নির্দেশ

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত এলাকা ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা ও সম্ভাব্য হামলার আশঙ্কা বাড়ায় এই সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত নির্দেশনায় বলা হয়, আঞ্চলিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে, তাই নিরাপত্তার স্বার্থে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে অঞ্চল ত্যাগ করতে বলা হয়েছে। কায়রোতে অবস্থিত মার্কিন দূতাবাসও সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, বিশ্বজুড়ে আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার।

এর আগে মার্চের শুরুতেও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনদের জন্য সতর্কতা জারি করা হয়েছিল। নতুন করে উত্তেজনা বাড়ায় সেই সতর্কতা আরও জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়া বা সমঝোতায় পৌঁছানোর জন্য সময়সীমা বেঁধে দেওয়ার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জর্ডান, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জন্য ভ্রমণ সতর্কতা ‘লেভেল ৩’-এ উন্নীত করা হয়েছে, যেখানে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে মিশরের জন্য সতর্কতা ‘লেভেল ২’ রাখা হয়েছে, অর্থাৎ বাড়তি সতর্কতার সঙ্গে ভ্রমণের নির্দেশনা দেওয়া হয়েছে।

হজ মৌসুম ঘনিয়ে আসায় সৌদি আরবে ধর্মীয় সফরের ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে। হজে অংশগ্রহণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে মার্কিন নাগরিকদের। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে মক্কায় প্রবেশ ও অবস্থান সংক্রান্ত কঠোর নিয়মও আরোপ করা হয়েছে।

এদিকে জেদ্দায় অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেট সাময়িকভাবে নিয়মিত সেবা বন্ধ রেখেছে এবং শুধুমাত্র জরুরি সেবা প্রদান করছে। বাহরাইনসহ কিছু এলাকায় মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট আশঙ্কা করছে, উগ্রবাদী বা ইরানপন্থি গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলার চেষ্টা করতে পারে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণেই এই বিস্তৃত সতর্কতা জারি করা হয়েছে।

Exit mobile version