প্রিন্ট এর তারিখ: জুলাই ২৯, ২০২৬, ৬:২২ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২৯, ২০২৬, ৩:৩৪ পি.এম.

লখনউয়ে সাততলা ভবন থেকে পড়ে সাবেক প্রতিমন্ত্রীর মৃত্যু

লখনউ প্রতিনিধি: 

এমএলএ আবাসিক কমপ্লেক্সের পেছনে দুঃখজনক ঘটনা, মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ। ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে সাততলা একটি ভবন থেকে পড়ে নানক রাম ভূর্জি (৬৮) নামে রাজ্যের সাবেক প্রতিমন্ত্রী ও বিজেপি নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) হজরতগঞ্জ এলাকার দারুলশাফা নিউ এমএলএ রেসিডেন্স কমপ্লেক্সের পেছনে এ দুঃখজনক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, এমএলএ রেসিডেন্স কমপ্লেক্সের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা স্থানীয় পুলিশ ফাঁড়িতে ফোন করে জানান, একজন ব্যক্তি ওপরের তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সিভিল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরোও পড়ুন

পলাশে সরকারি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

পুলিশের প্রাথমিক তদন্তে নিহত ব্যক্তির পরিচয় নানক রাম ভূর্জি হিসেবে নিশ্চিত করা হয়। তিনি উত্তর প্রদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ছিলেন।

তবে কীভাবে তিনি ভবন থেকে নিচে পড়ে গেলেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে—তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নানক রাম ভূর্জির মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।