বিনোদন ডেস্ক:
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার ভাষা নিয়ে নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন। হিন্দি বলার সময় তার উচ্চারণ ও সাবলীলতার ঘাটতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা সমালোচনা ও ট্রল।
সম্প্রতি মুম্বাইয়ে আমির খান প্রোডাকশনের ‘এক দিন’ সিনেমার প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাই পল্লবী। ১ মে মুক্তি পাওয়া এই ছবিতে তিনি আমির খানের ছেলে জুনাইদ খানের বিপরীতে অভিনয় করেছেন। অনুষ্ঠানে অতিথি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন তিনি। তবে কিছুটা অসুবিধা হওয়ায় নিজেই হাস্যরসের ভঙ্গিতে স্বীকার করেন, তার হিন্দি ততটা ভালো নয়।
এই ভিডিও প্রকাশের পর থেকেই নেটিজেনদের একাংশ তাকে নিয়ে সমালোচনা শুরু করে। বিশেষ করে নীতেশ তিওয়ারির আসন্ন বড় প্রজেক্ট ‘রামায়ণ’-এ তার সীতা চরিত্রে অভিনয় নিয়েও প্রশ্ন উঠছে। কেউ কেউ মনে করছেন, সিনেমার জন্য তার কণ্ঠ ডাবিংয়ের প্রয়োজন হতে পারে।
তবে সমালোচনার পাশাপাশি অনেক ভক্ত সাই পল্লবীর পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, ভাষাগত সীমাবদ্ধতা চলচ্চিত্র জগতে নতুন কিছু নয়। উদাহরণ হিসেবে তারা ক্যাটরিনা কাইফ ও জ্যাকলিন ফার্নান্দেজের কথা তুলে ধরেছেন, যারা শুরুতে হিন্দিতে দুর্বল হলেও পরে সফলতা পেয়েছেন।

