দৈনিক নবদিগন্ত

সড়ক দুর্ঘটনায় নিহত ভারতীয় মডেল-অভিনেত্রী হর্ষিল কালিয়া

Untitled design 4 2

সংগৃহীত

ভারতের মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত ২৩ মার্চ রাতে শুটিং শেষ করে বাড়ি ফেরার পথে জয়পুরের মানসরোবর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় সাড়ে ১১টার দিকে নগর নিগম অফিসের কাছাকাছি একটি মোড় ঘোরার সময় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এরপর গাড়িটি ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দ্রুতগতির কারণে আঘাতটি ছিল বেশ জোরালো। এতে হর্ষিল গুরুতরভাবে মাথায় আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩০ বছর।

হর্ষিল কালিয়া একাধারে অভিনেত্রী, মডেল এবং সাবেক সংবাদ উপস্থাপিকা ছিলেন। তিনি আইআইএস ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে পড়াশোনা করেন এবং ভাতখণ্ডে বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যে প্রশিক্ষণ নেন। পরবর্তীতে বাবার পথ অনুসরণ করে টেলিভিশনে সংবাদ উপস্থাপনার মাধ্যমে তার পেশাগত জীবন শুরু হয়।

অভিনয়ের ক্ষেত্রে জিও-হটস্টারের ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘ক্রাইম নেক্সট ডোর’-এ কাজ করে তিনি পরিচিতি লাভ করেন। এছাড়া ‘হাট পাগলি’সহ বিভিন্ন রাজস্থানি ও হিন্দি গানের ভিডিওতেও তার উপস্থিতি ছিল।

মডেলিংয়েও তিনি সফলতা অর্জন করেন। ২০২১ সালে ‘মিস ডিভা রাজস্থান’ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হন এবং ‘মিস পিঙ্ক সিটি’র ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হন।

হর্ষিল কালিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

Exit mobile version