মোহাম্মদ রেজাউল করিম, মাদারীপুর জেলা প্রতিনিধি:
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগে মাদারীপুরের মনিরুল হাওলাদারের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বিদেশের মাটিতে বাংলাদেশের একজন শিল্পীর ওপর হামলার অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি এলাকায় মনিরুল হাওলাদারের গ্রামের বাড়ি তালাবদ্ধ অবস্থায় রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিবারের সদস্যরাও বাড়িতে নেই বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল হাওলাদার খালাসীকান্দি এলাকার মৃত শাজাহান হাওলাদারের ছেলে। প্রায় দেড় বছর আগে দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমান তিনি। ইতালি যেতে প্রায় ২৮ লাখ টাকা খরচ হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ওই অর্থের একটি অংশ ঋণ হিসেবে নেওয়া হয়েছিল এবং তা এখনো পরিশোধ করা সম্ভব হয়নি বলেও স্থানীয়ভাবে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, মনিরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য হলে তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে অভিযোগটি নিয়ে যেন কোনো ধরনের গুজব বা একতরফা প্রচার না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে, ভেনিসের ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ও তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। অভিযোগের সত্যতা, ঘটনার প্রকৃত কারণ এবং মনিরুল হাওলাদারের সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব বলে মনে করছেন তারা।