Site icon দৈনিক নবদিগন্ত

বিতর্কিত গানে ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত

বিতর্কিত গানে ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত

দক্ষিণ ভারতীয় বড় বাজেটের অ্যাকশন সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর গান ‘সারকে চুনর তেরি সরকে’ নিয়ে তীব্র বিতর্কের পর ক্ষমা চেয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত।

গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এর ভাষা ও উপস্থাপনাকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে সমালোচনা করেন। ফলে গানটি ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়।

সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি অংশ নেওয়া এই গানটি প্রকাশের পরই বিতর্ক ছড়িয়ে পড়ে। অভিযোগের পর ভারতের জাতীয় নারী কমিশন বিষয়টি আমলে নেয় এবং সংশ্লিষ্টদের তলব করে।

সোমবার (২৭ এপ্রিল) আইনজীবীসহ কমিশনের দপ্তরে হাজির হয়ে সঞ্জয় দত্ত জানান, গানের ভাষার অর্থ সম্পর্কে তিনি অবগত ছিলেন না এবং এটি অন্য ভাষায় রেকর্ড করা হয়েছিল। তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

এ সময় তিনি মানবিক উদ্যোগ হিসেবে ৫০ জন আদিবাসী শিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন।

নারী কমিশনের পক্ষ থেকে জানানো হয়, গানের বিষয়বস্তু আপত্তিকর ও আইনি বিধান লঙ্ঘনের শঙ্কা রয়েছে। এ কারণে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এদিকে নোরা ফাতেহি সামাজিক মাধ্যমে জানান, তিনি এ ধরনের কনটেন্ট সমর্থন করেন না এবং দর্শকের প্রতিক্রিয়ার কারণে গানটি সরিয়ে নেওয়া হয়েছে।

Exit mobile version