প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৮:১৮ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ৯, ২০২৬, ৯:৫৯ এ.এম.

শিক্ষার্থীকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: জবি ভিসি

 আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ড. রইছ উদদীন বলেছেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার শিক্ষা নেই। তাই নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তিরাও তাদের মা-বা বাবাকে চিনতে পারেন না। এজন্য, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন শিক্ষার্থীকে সত্যিকারের মানুষ হিসেবে তৈরি করতে হবে। একজন শিক্ষার্থী যেন নীতি-নৈতিকতায় সবার চেয়ে উর্ধ্বে থাকে, সেদিকে সবার নজর রাখা প্রয়োজন। যেন ভবিষ্যতে সে দেশ ও সমাজকে উন্নত করার চেষ্টা করবে। সমাজ বা দেশে সব ধরনের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে তার কন্ঠস্বর জাগ্রত হবে। আমাদের এমন শিক্ষার্থী তৈরি করতে হবে। একইসাথে, বিশ্বের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষা পদ্ধতি উন্নত করতে হবে।

তিনি শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থা’র ২৬তম বৃত্তি প্রদান ও ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ‘লার্নিং উইথ হ্যাপিনেজ’ কর্মসূচী গ্রহণ করেছেন। এর লক্ষ্য হলো শিক্ষার্থীর শিক্ষা জীবন যেন বাস্তবায়িত হয়। এই কর্মসূচী সত্যিকারের বাস্তবায়িত হলে শিক্ষা ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিপ্লব ঘটাবে।

বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সভাপতি শফিক আহমদ পিয়ার মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান। অতিথিদের বক্তব্য রাখেন বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আহমদ আলী হেলালী, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুক।

এসময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।