Site icon দৈনিক নবদিগন্ত

স্বয়ংক্রিয় ব্যবস্থায় ৬০০ প্রতিষ্ঠান ভ্যাট অডিটে বাছাই করল এনবিআর

স্বয়ংক্রিয় ব্যবস্থায় ৬০০ প্রতিষ্ঠান ভ্যাট অডিটে বাছাই করল এনবিআর

সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ই-ভ্যাট সিস্টেমে ‘অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্ট মডিউল’ চালু করা হয়েছে। এই ব্যবস্থায় ২০টি ঝুঁকি সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা হচ্ছে।

প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা অনুযায়ী নির্দিষ্ট অগ্রাধিকার বা ওয়েটেজ প্রয়োগ করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় কোনো মানবীয় হস্তক্ষেপ না থাকায় অডিট নির্বাচন আরও নিরপেক্ষ ও স্বচ্ছ হয়েছে—যা দীর্ঘদিন ধরে করদাতা ও সংশ্লিষ্ট মহলের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল।

এনবিআর আরও জানিয়েছে, এই পদ্ধতিতে নির্বাচিত প্রতিষ্ঠানের অডিট শেষে প্রত্যাশিত ফল না এলে ঝুঁকি নির্ধারণের মানদণ্ড ও ওয়েটেজ ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত ৬০০ প্রতিষ্ঠানের তালিকা এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৪০৫টি উৎপাদনকারী, ৯৮টি সেবাখাতের, ৬৫টি খুচরা ও পাইকারি ব্যবসায়ী এবং ৩২টি আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে।

এনবিআর মনে করছে, এই স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ফলে ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে। পাশাপাশি করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি রাজস্ব ফাঁকি প্রতিরোধেও ইতিবাচক প্রভাব পড়বে।

Exit mobile version