Site icon দৈনিক নবদিগন্ত

কালাইয়ে গরু চুরির মামলায় বিএনপি নেতা ফিরোজ গ্রেপ্তার

কালাইয়ে গরু চুরির মামলায় বিএনপি নেতা ফিরোজ গ্রেপ্তার

মো: আল হাসান
জয়পুরহাট জেলা প্রতিনিধি

কালাইয়ে গরু চুরির মামলায় বিএনপি নেতা ফিরোজ গ্রেপ্তার

জয়পুরহাটের কালাইয়ে গরু চুরির মামলায় ফিরোজ আহম্মেদ নামে পুনট ইউনিয়ন ওয়ার্ড বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে দেওগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফিরোজ আহম্মেদ মন্ডল (৪৭) উপজেলার পুনট ইউনিয়নের দেওগ্রামের মৃত মোহাতাব আলীর ছেলে ও একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর রাতে কালাইয়ের বেগুনগ্রামের জনৈক গৃহবধূর গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়। এরমধ্যে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি গর্ভবতী গাভী আসামিরা শিবগঞ্জের একটি পরিত্যক্ত পাম্পে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে এবং পরে সোনাতলার ডাকুমারা হাটে ৬৮ হাজার টাকায় বিক্রি করে দেয়। রিমান্ডে থাকা আসামিদের জবানবন্দি অনুযায়ী বিক্রয়লব্ধ টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় এবং ঘটনার সাথে জড়িত ফিরোজ আহম্মেদ মন্ডলকে ৬০ হাজার টাকা প্রদান করে। পুলিশ আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ভিডিও আলামত হিসেবে জব্দ করেছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পূর্বে গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতে ফিরোজকে গ্রেপ্তার করা হয় এবং ওই মামলায় তাকে আদালত প্রেরণ করা হয়।

Exit mobile version