প্রিন্ট এর তারিখ: জুলাই ৯, ২০২৬, ৮:৫১ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ৪, ২০২৬, ৪:৫৩ পি.এম.

উন্নয়ন হয়েছে, ভোগান্তি রয়ে গেছে কানাইঘাট পৌর বাজারে

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টার:

সিলেটের কানাইঘাট পৌর বাজারে অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হলেও বাজার ব্যবস্থাপনার নানা সীমাবদ্ধতায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীদের। সড়কের উন্নয়ন হলেও পরিচ্ছন্নতা, ড্রেনেজ, যানবাহন নিয়ন্ত্রণ এবং সিএনজি অটোরিকশার ভাড়া ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। দীর্ঘদিন পরিষ্কার না করায় অনেক ড্রেন প্লাস্টিক ও বর্জ্যে আটকে গেছে। ফলে কোথাও কোথাও ড্রেনের নোংরা পানি উপচে সড়কে ছড়িয়ে পড়ছে, যা পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে এবং দুর্গন্ধেরও কারণ হচ্ছে।

এ অবস্থার মধ্যেই খোলা পরিবেশে মাছ, মাংস, শাকসবজি ও অন্যান্য খাদ্যপণ্য বিক্রি হচ্ছে। ময়লার স্তূপের পাশে মাছি ও বিভিন্ন পোকামাকড়ের উপস্থিতি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বাজারে আসা অনেক ক্রেতা।

এদিকে বাজারের প্রধান সড়ক ও অলিগলিতে সিএনজি অটোরিকশা, মিশুকসহ ছোট যানবাহনের অনিয়ন্ত্রিত অবস্থানের কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে যেমন বাজারের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে, তেমনি পথচারীদের চলাচলেও ভোগান্তি বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, পৌর এলাকায় সিএনজি, মিশুক ও অটোরিকশার কোনো দৃশ্যমান ভাড়ার তালিকা নেই। ফলে অনেক চালক ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং সাধারণ যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়ছেন।

স্থানীয় ব্যবসায়ী আমিন অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী রুহুল আমিন বলেন, বাজারের উন্নয়ন কেবল নতুন সড়ক নির্মাণে সীমাবদ্ধ থাকলে হবে না। পরিচ্ছন্নতা, যানবাহন নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং কার্যকর বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সচেতন নাগরিকদের মতে, একটি পৌর বাজার শুধু বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি জনসেবারও গুরুত্বপূর্ণ অংশ। তাই নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেন সংস্কার, সড়ক দখলমুক্ত রাখা, সিএনজি ও অটোরিকশার জন্য নির্ধারিত স্ট্যান্ড এবং সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ নিশ্চিত করা জরুরি।

স্থানীয়দের প্রত্যাশা, পৌরসভা, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভাগ সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে কানাইঘাট পৌর বাজারকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনবান্ধব বাজারে পরিণত করবে।