সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ
সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে তর্কাতর্কির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পারভেজ আহমদ (৩২)-কে গ্রেফতার করেছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ জুলাই ২০২৬) দিবাগত গভীর রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত আলম আহমদ উপজেলার লামারগ্রামের বাসিন্দা ও ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। গ্রেফতার হওয়া পারভেজ আহমদ একই গ্রামের মোস্তকিন আলীর ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে পারভেজ ধারালো ছুরি দিয়ে আলমকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি মারা যান।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত পারভেজ আহমদকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং নিহতের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের কার্যক্রম সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একই পরিবারের দুই সদস্যের মধ্যে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন