প্রিন্ট এর তারিখ: জুলাই ১, ২০২৬, ৯:৩৩ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১, ২০২৬, ৬:১০ পি.এম.

সিলেটে র‌্যাব সদস্য ইমন হত্যা মামলার আসামি আদালতে হাজির

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টার:

সিলেট নগরীতে দায়িত্ব পালনকালে ছুরিকাঘাতে নিহত র‌্যাব সদস্য ইমন আচার্য হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১ জুলাই) সিলেট মহানগর আদালতে তাকে তোলা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মে সকালে সিলেট নগরীর তোপখানা এলাকায় এক ছিনতাইকারীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন র‌্যাব সদস্য ইমন আচার্য।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছিলেন, পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধাওয়া করছিল। এ সময় সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্য ইমন আচার্য ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারী তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একজন দায়িত্বশীল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে এভাবে প্রাণ হারাতে হওয়ায় বিভিন্ন মহলে ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়।

এদিকে, কিন ব্রিজ এলাকার নিচসহ নগরীর বিভিন্ন স্থানে ছিনতাইকারীদের তৎপরতা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত নির্জন ও অন্ধকারাচ্ছন্ন স্থানে অপরাধীরা সক্রিয় থাকে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল বৃদ্ধি, পর্যাপ্ত সিসিটিভি স্থাপন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা প্রয়োজন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ইমন আচার্য হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।