গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সরকারি সহায়তার তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম অন্তর্ভুক্ত না করার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা।
রোববার (৩১ মে) বিকেল ৫টায় উপজেলার ভীমখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কলকতখাঁ বাজারে ‘ক্ষতিগ্রস্ত কৃষক সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা অভিযোগ করেন, সরকারি সহায়তা পাওয়ার জন্য প্রস্তুতকৃত তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে অন্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অনেক কৃষক সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
কর্মসূচিতে বক্তব্য দেন ইয়ার হোসেন, আসিক মিয়া, জামাল মিয়া, ইলিয়াস মিয়া, আব্দুল কালাম, আতাউর রহমান, সিফত আলী ও শফিকুল ইসলামসহ স্থানীয় কৃষকরা।
বক্তারা দাবি করেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও অনেক কৃষকের নাম তালিকায় স্থান পায়নি। অন্যদিকে, তালিকায় এমন কিছু ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত নন বা কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন বলেও অভিযোগ করা হয়।
তারা আরও বলেন, সহায়তা বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। একই সঙ্গে তারা বিতর্কিত তালিকা পুনর্বিবেচনা করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করার দাবি জানান।
মানববন্ধন থেকে স্থানীয় প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

