মোঃ নোমান হাসান খাঁন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
অভিযুক্তরা হলেন দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোঃ মিরাস আলী (৬২) এবং মৌলভীবাজার জেলার বাসিন্দা মাসুক মিয়ার মেয়ে রিমা আক্তার ওরফে রিশ আক্তার (২৫)। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হলে গত মঙ্গলবার (১৯ মে) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।
মামলার বাদী সিলেটের গোলাপগঞ্জ থানার রনকেলী গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে ফারুক আহমদ (৩৮)।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ইউরোপে পাঠানোর কথা বলে একটি চক্রের মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিলেন। ভুক্তভোগীদের জানানো হতো, মিরাস আলীর ভাগিনা ও রিমা আক্তারের স্বামী ইতালিতে অবস্থান করে লোক পাঠানোর কাজ করেন।
অভিযোগে বলা হয়, এই প্রলোভন দেখিয়ে ফারুক আহমদের কাছ থেকে ইতালি পাঠানোর নামে প্রায় ৮ লাখ টাকা নেওয়া হয়। পরে প্রতারণার শিকার হয়ে গত ২৬ এপ্রিল গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন তিনি।
প্রাথমিক তদন্ত ও তথ্য যাচাই শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট থানা পুলিশ ও সিলেট জেলা পুলিশকে দ্রুত পরোয়ানা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

