Site icon দৈনিক নবদিগন্ত

সমাজ উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন: এমপি মাহফুজা হান্নান

সমাজ উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন: এমপি মাহফুজা হান্নান

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া:

বাংলাদেশ সরকারের সংরক্ষিত নারী আসন-৪১ এর সংসদ সদস্য মাহফুজা হান্নান বলেন, আমাদের অঞ্চলে খাদ্যের জন্য বিশুদ্ধ পানি এবং যোগাযোগের ব্যবস্থা খুবই দুর্বল।

তাই সমাজ গঠনে সবার সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি। এলাকার উন্নয়নের জন্য আমাদের উচিত, নেতা হিসেবে নিজেকে না রেখে, কর্মী হিসেবে কাজ করা। তাতে অবশ্যই সুবিধা হবে। দেশের গতি বাড়ানো এবং জনগণের প্রত্যাশিত উন্নয়ন কার্যক্রম সফল করার জন্য ‘শাসকদল এবং বিরোধী দল’ একসাথে কাজ করতে হবে। এর ফলে আমরা আমাদের কাজের ক্ষেত্রেও সফলতা অর্জন করতে পারব।

তিনি বুধবার (১৩ মে) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের আয়োজন করা ‘উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের’ সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট অঞ্চলের মহিলা বিভাগের পরিচালক অধ্যাপক শাহিমা খানম হেপী, সিলেট জেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি রোজিনা বেগম, মাহবুবা জেসমিন এবং বিশ্বনাথ উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি খাদিজা বেগম লাইলী।

এছাড়া বক্তব্য দেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল শহীদ হোসেন, কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, সাংবাদিক শাহিন উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাশ, সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল সূত্রধর, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইকবাল আহমদ।

অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ নানা শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

Exit mobile version