প্রিন্ট এর তারিখ: অক্টোবর ১৬, ২০২৬, ৬:৩৮ পি.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১:৩৯ পি.এম.

নতুন ইউএনও হিসেবে তাহিরপুরে নিয়োগ পেলেন মিজ্ রিপামনি দেবী

মুরাদ মিয়া,তাহিরপুর, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ্ রিপামনি দেবী। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী কমিশনার মো. মুজিবুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার ২ জুলাই ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেট বিভাগে ন্যস্তকৃত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মিজ্ রিপামনি দেবীকে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। তার পরিচিতি নম্বর ১৮৫০৯।

এর আগে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটে যোগদান করেছিলেন।

নতুন পদায়ন অনুযায়ী, মিজ্ রিপামনি দেবী তাহিরপুর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করবেন। এছাড়া সরকারি দাবি আইন, ১৯১৩-এর ৩(৩) ধারামতে নিজ অধিক্ষেত্রে সার্টিফিকেট অফিসার হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মিজ্ রিপামনি দেবীকে ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অপরাহ্নে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অবমুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।