পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জসনে জুলুছ ও আলোচনা সভা আয়োজন করা হয়।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় জসনে জুলুছটি শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এসে ঈদে মিলাদুন্নবী (সা. ) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্বারী মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী (মা. জি. আ. )।
প্রধান অতিথির বক্তব্যে রাজাপুরা পীর সাহেব বলেন, “ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। মাহে রবিউল আউয়ালে মহান আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পুরো জাহানের রহমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। মহানবী (সা. ) তাঁর মহৎ আদর্শ ও চরিত্রের মাধ্যমে মানুষকে অজ্ঞতা ও অন্ধকার থেকে সত্য, ন্যায় ও আলোর পথে নিয়ে গেছেন।” তিনি বলেন, “ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই।”
এ সময় হোসাইনীয়া কমিটি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।