সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর ভাঙা ব্রীজ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান থেকে একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ সময় গাড়ির চালক জাবেদ আহমদ (৩০) নামের একজন গ্রেফতার হন।
রবিবার সকালে সুনামগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবুল হোসেনের নেতৃত্বে সহকারী উপ পরিদর্শক মনিতা সিনহা, সিপাহী রাজব গোয়ালা, মাহিন খান ও রিফাতসহ একটি দল গোপন তথ্যের ভিত্তিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাঙা ব্রীজের কাছে একটি প্রাইভেট কারে সন্দেহ হওয়ায় অভিযান শুরু করে।
এ সময় গাড়ির ভিতরে ৪০ কেজি গাঁজাসহ গাড়ির চালক মোঃ জাবেদ আহমদ (৩০)কে আটক করা হয়। এ সময় আরও দুজন পালাতে সক্ষম হয়। জব্দ করা গাঁজা, প্রাইভেট কার এবং একটি মোবাইল ফোনের মোট মূল্য আনুমানিক ১৪ লাখ টাকা।
এ ঘটনায় বিকেলে সুনামগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ সহকারী পরিদর্শক মনিতা সিনহা বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রাইভেট কারের চালকসহ অন্য দুজন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নতুন ব্রিজ এলাকা থেকে একটি কালো রঙের প্রাইভেটকারে করে অনেক গাঁজা নিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সুনামগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাঙা ব্রীজের পাশে কালো রঙের প্রাইভেট কারে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা, গাড়ি এবং চালককে আটক করেন।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।