প্রিন্ট এর তারিখ: অক্টোবর ১৬, ২০২৬, ৯:৫৪ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ১৭, ২০২৬, ৭:৩০ পি.এম.

সিলেট সীমান্তে বিজিবির অভিযান, আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ

সিলেটের সীমান্তে তিন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় আলাদা আলাদা অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে প্রচুর পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হলেও এসব পণ্যের সাথে জড়িত কোনো চোরাকারবারিকে আটক করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন ধরনের প্রসাধনীসহ নানা সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকার মতো বলেছে সংশ্লিষ্ট সূত্র।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী বেশ কিছু এলাকায় চোরাচালান প্রতিরোধে টহল বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

সীমান্তের দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে বলেছে বিজিবি। চোরাচালানের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ বন্ধ হলে একদিকে যেমন চোরাচালান কমবে, অপরদিকে দেশের বৈধ ব্যবসা ও রাজস্ব সংগ্রহ সুরক্ষিত হবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে অবৈধভাবে পণ্য পাচার ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলতে থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ বাণিজ্য বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করা হবে।