দীর্ঘদিন পর ইউরোপের দেশ পর্তুগাল থেকে নিজ মাতৃভূমিতে আসতেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল অভ্যর্থনা ও উষ্ণ শুভেচ্ছায় সিক্ত হলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরে পৌঁছালে খাজাঞ্চী ইউনিয়নবাসী এবং বিশ্বনাথ উপজেলা ও স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। বিমানবন্দরে উপস্থিত নেতা-কর্মীরা বললেন, খাজাঞ্চী ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে তালুকদার মো. গিয়াস উদ্দিন সর্বদা পাশে ছিলেন। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়ন ও সমাজসেবায় তার অবদান অপরিসীম।
তার দেশে ফেরায় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংবর্ধনার শেষে খাজাঞ্চীবাসী ও নেতা-কর্মীদের উদ্দেশ্যে আবেগময় কণ্ঠে তালুকদার মো. গিয়াস উদ্দিন বলেন, এলাকাবাসীর ভালোবাসায় আমি মুগ্ধ। প্রিয় মাতৃভূমি ও খাজাঞ্চী ইউনিয়নের মানুষের মঙ্গলের জন্যই আমার পথচলা। আপনারা যেভাবে আমাকে আপন করেছেন, তা আমি ও আমার পরিবার চিরকাল মনে রাখব।
তিনি আরও বলেন, আমি জননেতা এম ইলিয়াস আলীর হাত ধরে রাজনীতিতে এসেছি। আমরা ইলিয়াস সৈনিকেরা এম. ইলিয়াস আলীর জন্য অপেক্ষা করছি এবং ইলিয়াস আলীর একটা স্বপ্ন ছিলো যে অবহেলিত এই বিশ্বনাথ-ওসমানীনগর তথা আমাদের খাজাঞ্চী ইউনিয়নের প্রতিটি গ্রামীণ রাস্তা উন্নত হবে।
তিনি দীর্ঘদিন থেকে গুম আছেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় উন্নয়ন হয়নি। আমরা এখন লুনা (ম্যাডাম) এমপি পেয়েছি। তাই আমরা আশাবাদি যে ইলিয়াস আলীর অসমাপ্ত কাজ লুনা-ইলিয়াস সম্পন্ন হবে। তাই আগামীতে যে সুযোগ আছে, যদি দল এবং লুনা-ইলিয়াস এবং দলের পক্ষ থেকে আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি চেয়ারম্যান নির্বাচনের জন্য সকল প্রস্তুতি নিয়ে দেশে এসেছি।
| সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে জামায়াতের লিফলেট বিতরণ |
আমি আশাবাদি যে আজকের যে যুব শক্তি, সেই যুব শক্তি যদি আমার পাশে থাকে এবং আমার মুরব্বীরা যদি আমার ছায়া হন, ইনশাআল্লাহ প্রত্যেক প্রতিকূলতা কাটিয়ে উঠব। আগামী দিনেও আমরা সবাই একসাথে বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো।
এসময় বক্তব্য দেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।
অভ্যর্থনা জানানো শেষে নেতা-কর্মী ও শুভাকাঙ্খীরা তাকে নিয়ে একটি বিশাল মোটরবাইক ও গাড়িবহরের মাধ্যমে এলাকার দিকে রওয়ানা হন। এসময় উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিরা।