প্রিন্ট এর তারিখ: জুলাই ১৯, ২০২৬, ১:১৭ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১২, ২০২৬, ১:২৫ পি.এম.

ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিনের অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার গাজীপুর, আহম্মদাবাদ, সাটিয়াজুড়ী, পাইকপাড়া ও শানখলা ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। খোয়াই, করাঙ্গী ও সুতাং নদীর পানি এবং পাহাড়ি ছড়ার প্রবাহ বেড়ে লোকালয়ে ঢুকে পড়ায় কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে বহু পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

ভুক্তভোগীদের অভিযোগ, পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অনেক এলাকায় দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা স্থায়ী হচ্ছে, ফলে জনদুর্ভোগ আরও বেড়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হলে বা নতুন করে ফসলি জমিতে পানি প্রবেশ করলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা উপজেলা প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কেউ যেন কৃত্রিমভাবে খাল, জলাশয় বা পানি চলাচলের পথ বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি না করেন। পাশাপাশি গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকেও সবাইকে বিরত থাকার অনুরোধ জানান।

শনিবার (১১ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বন্যাকবলিত শানখলা ইউনিয়নের বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইউএনও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।