প্রিন্ট এর তারিখ: জুলাই ১৭, ২০২৬, ৪:৪৯ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১১, ২০২৬, ৭:১৯ পি.এম.

হানিট্র্যাপে ছিনতাই: মোগলাবাজারে দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার আইফোন

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টার:

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে হানিট্র্যাপের মাধ্যমে ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছিনতাইকৃত একটি আইফোন XS Max মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

পুলিশ জানায়, গত ১০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোশাররফ হোসেন, এসআই দীপংকর তালুকদার ও সঙ্গীয় ফোর্স সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাসিন হোসেন আবির (১৮) ও জাবেদ আহমেদ (২০)-কে গ্রেফতার করে। তারা উভয়েই মোগলাবাজার থানার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, চক্রের এক নারী সদস্য টিকটকের মাধ্যমে বিয়ানীবাজারের আরিফ উর রহমান (২১)-এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ৪ জুলাই গোলাপগঞ্জের ড্রিমল্যান্ড পার্কে সাক্ষাতের পর ওই নারী ভুক্তভোগীকে মোটরসাইকেলে করে মোগলাবাজার থানাধীন দাউদপুর তুরুকখলা এলাকায় পৌঁছে দিতে বলে।

রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সেখানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে নারীসহ গ্রেফতার দুই আসামি এবং তাদের আরও এক সহযোগী চাকুর ভয় দেখিয়ে ভুক্তভোগীকে মারধর করে। পরে তার ব্যবহৃত Suzuki Gixxer মোটরসাইকেল ও একটি আইফোন XS Max মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় মোগলাবাজার থানায় পেনাল কোড, ১৮৬০-এর ৩৯৪ ধারায় মামলা (নং-০৫, তারিখ: ১০ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।