সৈয়দ আমান উল্লাহ্,স্টাফ রিপোর্টার:
সিলেট, ১০ জুলাই ২০২৬: মাত্র ১৮ দিনের ব্যবধানে সিলেটে জেলা প্রশাসক (ডিসি) পদে একের পর এক পরিবর্তন প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বদলি, নতুন নিয়োগ, যোগদান না করা এবং পুনরায় নতুন নিয়োগ—সব মিলিয়ে জেলার সর্বোচ্চ প্রশাসনিক পদটি ঘিরে তৈরি হয়েছে ব্যতিক্রমী পরিস্থিতি।
সবশেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন-কে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এর আগে গত ২১ জুন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম-কে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (অ্যাটাচ) করা হয়। এরপর ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান-কে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলেও শেষ পর্যন্ত তিনি সিলেটে যোগদান করেননি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নিয়ে সরকার আবারও প্রজ্ঞাপন জারি করে আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়।
এভাবে মাত্র ১৮ দিনের মধ্যে চারজন কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের দায়িত্বের পরিবর্তন সিলেটের সাম্প্রতিক প্রশাসনিক ইতিহাসে একটি বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
প্রশাসন সংশ্লিষ্টদের মতে, জেলা প্রশাসক একটি জেলার উন্নয়ন, আইন-শৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব প্রশাসন এবং সরকারি সেবার অন্যতম প্রধান সমন্বয়কারী। ফলে ঘন ঘন নেতৃত্ব পরিবর্তনের কারণে প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা কিছুটা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও দ্রুঢত নতুন ডিসির যোগদানের মাধ্যমে সেই অনিশ্চয়তা কাটবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
সিলেটবাসীর প্রত্যাশা, নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন দ্রুত দায়িত্ব গ্রহণ করে উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনবেন।