সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টার:
সিলেট সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ৬৪ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
এ সময় ফেনসিডিলসহ দুইজন চোরাচালান সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (৮ জুলাই ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, সোনারহাট, পাথরকোয়ারী, প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম ও শ্রীপুর বিওপি এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা মহিষ, টমেটো, ফেনসিডিল, চকলেট, জিলেট ব্লেড, পাউডার, চিনি, বিভিন্ন ধরনের ফল ও মিনিপ্যাক শ্যাম্পুসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া শিং মাছ, রসুন, সুপারি এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী একটি বারকী নৌকাও আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের মোট আনুমানিক সিজারমূল্য ৬৪ লাখ ৪৬ হাজার টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার সম্পূর্ণভাবে দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় বিজিবির ধারাবাহিক এ অভিযানকে চোরাচালান ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সীমান্তপথে অবৈধ বাণিজ্য ও মাদক পাচার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।