আখতারুজ্জামান মিলন, নিজস্ব প্রতিবেদক:
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ এর দিকনির্দেশনায় এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি)’র তত্ত্বাবধানে একটি অভিযানে কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ধরা পড়েছে।
গতকাল সোমবার (২২ জুন ২০২৬) খ্রিস্টাব্দে রংপুর মহানগরের নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে নিজেকে ফেলে দিয়ে নুজশাত জাহান (১৮) নামে একটি কলেজছাত্রী প্রাণ হারান। মৃত নুজশাত জাহান রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ঘটনার পর নুজশাতের বাবা মোঃ নজরুল ইসলাম, যিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য, কোতয়ালী থানায় একটি মামলা করতে যান। মামলায় উল্লেখ করা হয়েছে, নিহতের প্রাইভেট শিক্ষক শাহরিয়ার আহম্মেদ সাকিনের মানসিক অত্যাচার ও আচরণই ভিকটিমকে আত্মহত্যা করতে উদ্ভুদ্ধ করেছে। তদন্তে পাওয়া যায় যে, নিহতের ব্যবহার করা মোবাইল ফোনে অভিযুক্তের সঙ্গে বিভিন্ন কথোপকথন ও প্রমাণ মিলেছে।
মামলার পরিপ্রেক্ষিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালায়।অভিযানের সময় মঙ্গলবার (২৩ জুন ২০২৬) খ্রিস্টাব্দে মহানগরের জে.এল. রায় রোড এলাকা থেকে মামলার আসামি শাহরিয়ার আহম্মেদ সাকিন (২৫) গ্রেফতার হন, যিনি সাং: ধাপ চিকলী ভাটা, রংপুর মহানগরের বাসিন্দা।
এই ঘটনার প্রেক্ষিতে কোতয়ালী থানায় পেনাল কোড, ১৮৬০ এর ৩০৬/১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা মহানগরবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট ও কার্যকর রয়েছে।