মো: আলমগীর হোসাইন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিদ্যুতের লোডশেডিং বর্তমান সময়ে একটি মারাত্মক রূপ ধারণ করেছে। নিয়মিত বিদ্যুৎ সরবরাহের অভাবে এলাকায় বসবাসকারী লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়দের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৭ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, যা এই বিদ্যুতের ব্যবস্থায় গরমের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, দিনের সাথে রাতের সময়েও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার ফলে তাদের দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না, এবং ব্যবসায়ীদেরও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। গরমের কারণে শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থদের ভোগান্তি সবচেয়ে বেশি বেড়েছে।
বাসিন্দাদের অভিযোগ, পূর্বসতর্কতা ছাড়া বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে তাদের দৈনন্দিন কাজকর্মে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। অনেকেই রাতভর নির্ঘুম সময় কাটাচ্ছেন বিদ্যুতের এই অস্থির অবস্থা নিয়ে মানুষের মধ্যে ক্রোধ এবং হতাশা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, চলমান তীব্র গরমের মধ্যে দীর্ঘসময় ধরে চলা লোডশেডিং মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানাচ্ছেন।
নাগেশ্বরীবাসীর প্রত্যাশা, বিদ্যুৎ বিভাগের কর্তাব্যক্তিরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং শীঘ্রই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন যাতে জনদুর্ভোগ কমানো যায়।

