রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা:
সোমবার (১৫ জুন) ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম পুনরায় ঠাকুরগাঁও জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন।
তাঁর এই সাফল্যে জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং সাধারণ জনগণের মধ্যে আনন্দ ও উল্লাস দেখা দিয়েছে।
সোমবার, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক-এর কাছ থেকে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সনদ গ্রহণ করেন মোঃ খাইরুল ইসলাম।
এই সম্মাননা সততা, নিষ্ঠা, দক্ষতা এবং জনসেবামূলক কার্যক্রমে তাঁর বিশেষ অবদানের কারণে প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর কর্মদক্ষতা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হয়েছে।
স্থানীয়রা বিশ্বাস করেন, মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বের মাধ্যমে ঠাকুরগাঁও সদর উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও শক্তিশালী হবে। একইসঙ্গে ভূল্লী ও রুহিয়া অঞ্চলের সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডও নতুন উন্নতির দিকে আগাবে বলে আশা করেন তারা।
এই সাফল্যের জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করবেন, ফলে জনগণের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করবেন।

