মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের বিভিন্ন স্থানে সৌদি আরবের সাথে মিল রেখে আহলে হাদিস মুসল্লিরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। বুধবার (২৭ মে) সকালে রৌমারী ও ফুলবাড়ী উপজেলার অন্তর্গত ছয়টি গ্রামের শতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। নামাজের পর ধর্মীয় রীতির আলোকে পশু কোরবানি সম্পন্ন করেন তারা।
ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকা সমূহে পুলিশী ব্যবস্থাপনাকে শক্তিশালী করা হয়। পাশাপাশি সাদা পোশাক পরিহিত গোয়েন্দাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে মো. ছমির ব্যাপারীর মসজিদে সকাল সাড়ে ৮টা থেকে সোয়া ৯টার মধ্যে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন হাফেজ মো. আবু সাঈদ। এতে নারী ও পুরুষ মিলে প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন।
অন্যদিকে, ফুলবাড়ী উপজেলার ৩ নম্বর ফুলবাড়ী ইউনিয়নের জেলেপাড়া আহলে হাদিস মসজিদ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে ইমামতি করেন মাওলানা মো. আব্দুল মালেক। এ জামাতে প্রায় ৬০ জন মুসল্লি অংশগ্রহণ করেন।
পুলিশের তথ্যে জানা যায়, আগাম ঈদের সকল জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অস্থিরতার ঘটনা ঘটেনি। জামাত চলাকালে থানা পুলিশের পাশাপাশি ডিএসবির সদস্যরাও সার্বিক পরিস্থিতি নজরদারিতে ছিলেন।
স্থানীয়রা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ী, রৌমারী, ভূরুঙ্গামারী, চিলমারী ও চর রাজীবপুর উপজেলার কিছু গ্রামে বেশ কিছুদিন ধরেই আহলে হাদিস অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন।

