Site icon দৈনিক নবদিগন্ত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের জ্ঞান বিকাশের নতুন দিগন্ত: উপাচার্য ড. ইসরাফিল শাহীন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের জ্ঞান বিকাশের নতুন দিগন্ত: উপাচার্য ড. ইসরাফিল শাহীন

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা:

“উপাচার্য হওয়া একটি চ্যালেঞ্জিং দায়িত্ব, এতে আমি কোন আত্মগর্ব অনুভব করছি না। সব কিছুর সহযোগিতায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।

কারণ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার দিশারী” মন্তব্য করেছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য শিক্ষাবিদ, গবেষক ও নাট্যব্যক্তিত্ব ড. ইসরাফিল শাহীন।

মঙ্গলবার (১৯ মে) ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আধুনিক হল রুমে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের পদক্ষেপে ঠাকুরগাঁও জেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও শিল্পায়নের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, বিমানবন্দর চালু করার পরিকল্পনা এবং ইপিজেড গঠনের উদ্যোগ স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

তিনি আরো বলেন, ঠাকুরগাঁও নতুন এক সকাল বেলার দিকে অগ্রসর হচ্ছে। এখানে মানুষের দীর্ঘদিনের স্বপ্নের পূরণ হচ্ছেই এবং সেই স্বপ্ন বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রশংসা করতে গিয়ে ড. ইসরাফিল শাহীন বলেন, ঠাকুরগাঁওয়ের জনগণের সঙ্গে মন্ত্রীর একটি গভীর সম্পৃক্ততা রয়েছে এবং তাঁর আন্তরিক প্রচেষ্টার ফলস্বরূপ এ অঞ্চলে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হয়েছে। তিনি আমার প্রতি আস্থা রেখেছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজে। সম্ভবত তাঁর পরামর্শেই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

এসময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতেও গণমাধ্যমের গঠনমূলক আলোচনা, মতামত ও পরামর্শ অতি গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সুনাম রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এসময় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, প্রবীণ সাংবাদিক আব্দুল লতিফ, জাকির মোস্তাফিজ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ড. শাহীন গত ৭ মে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে সম্পাদিত হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সীমিত আকারে শিক্ষাদান কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে।

Exit mobile version