মোঃ আশরাফজ্জামান খান তরু:
গাইবান্ধায় গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন প্রচার কার্যক্রমের অংশ হিসেবে একটি সংবাদ সম্মেলন পরিচালিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার সময় জেলা প্রশাসকের সভাকক্ষে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এই ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুশফিকুর রহমান এবং জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহমাদ আবীর। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির নানা পরিকল্পনা তুলে ধরা হয়। এর মধ্যে উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রচেষ্টা, তথ্য অধিকার নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সেই সঙ্গে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের নেওয়া বিভিন্ন প্রস্তুতির কথাও জানানো হয়। পাশাপাশি জাল টাকার বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ কর্মসূচির বিষয়েও অবহিত করা হয়।

