মোঃ আশরাফজামান খান তরু:
গাইবান্ধার পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নে চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও ইউপি সচিব আনোয়ারুল ইসলামের মদদে ভুয়া সমবায় সমিতির মাধ্যমে ইউপি রাস্তার মূল্যবান গাছ কাটা নিয়ে অনুসন্ধানী রিপোর্ট তৈরির সময় ৭১ টিভির সাংবাদিক এবং পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকারের ওপর হামলার ঘটনা ঘটে।
১১ মে সোমবার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের সংলগ্ন এলাকায় বিদ্যমান রাস্তার ওপর বেআইনিভাবে অবস্থান নিয়ে, পরিষদের এক নারী ইউপি সদস্যের স্বামী এবং বিএনপি নেতা আতিয়ার রহমান গ্রুপ নিয়ে পরিকল্পিতভাবে সাংবাদিক পাপুল সরকারের ওপর হামলা করে তাকে মারধর ও অপমানিত করে। এসময় সাংবাদিকের ক্যামেরা এবং মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হয়।
সাংবাদিক পাপুলের ওপর এই হামলা ব্যাপারে একশ্রেণীর সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন।
দুর্বৃত্তদের বিরুদ্ধে সাংবাদিক পাপুল সরকার একটি অভিযোগ দায়ের করেছেন পলাশবাড়ী থানায়, যেখানে হামলার নেতৃত্বদানকারী ইউপি সদস্যের স্বামী আতিয়ার রহমানসহ ৫ থেকে ৭ জন অজ্ঞাত ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে সাংবাদিক পাপুল দাবি করেছেন যে, পেশাগত কাজের জন্য সংবাদ সম্পর্কিত তথ্য ও বক্তব্য সংগ্রহের সময় চেয়ারম্যানের পক্ষে থাকা হামলাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে আক্রমণ করেছে। তিনি জানিয়েছেন যে, হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করছেন।
তবে ঘটনার সময় আতিয়ার রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান জানিয়েছেন, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
গণমাধ্যমের বিভিন্ন স্তরের কর্মীরা জানান, পেশাগত দায়িত্ব পালনকালে পাপুল সরকারের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং প্রতিবাদ জানান। তারা দাবি করছেন, দ্রুত হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

