রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার পূর্ব শুখানপুকুরী (তল্লিপাড়া) এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার (১০ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বসতবাড়িতে মাদক বিক্রির অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে আনারুল ইসলামের কাছ থেকে ১৭ পিস, আব্দুর রহিমের কাছ থেকে ৮ পিস এবং হারুন অর রশিদের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ৩৩ পিস।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত চলবে। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

