Site icon দৈনিক নবদিগন্ত

পঞ্চগড় সীমান্তে নজরদারি বৃদ্ধি, কঠোর অবস্থানে বিজিবি

পঞ্চগড় সীমান্তে নজরদারি বৃদ্ধি, কঠোর অবস্থানে বিজিবি
মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার:
ভারত,বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে পঞ্চগড় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি কার্যক্রম। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন, মাদক ও গরু চোরাচালান, মানব পাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এছাড়া সীমান্তবর্তী চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে কঠোর তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। এর মাধ্যমে সীমান্ত এলাকার সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেও তিনি উল্লেখ করেন।
Exit mobile version