Site icon দৈনিক নবদিগন্ত

কুড়িগ্রামে মাদক মামলায় পলাতক আসামির ৭ বছরের সাজা

কুড়িগ্রামে মাদক মামলায় পলাতক আসামির ৭ বছরের সাজা

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শহিদুল ইসলাম (৩৪) নামে এক আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে অপর আসামি সেলিম মিয়াকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম নাটোরের বাগাতিপাড়া উপজেলার তামালতলা এলাকার মৃত চাঁন খলিফার ছেলে। খালাসপ্রাপ্ত সেলিম মিয়া একই উপজেলার তামালতলা কসবা মালঞ্চিপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৩ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম শহরের তাঁরামন বিবির মোড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে শহিদুল ইসলামকে আটক করে তার কাছে থাকা ব্যাগ ও বস্তা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় অপর আসামি সেলিম মিয়া পালিয়ে যান।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তারেক জানান, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন।

Exit mobile version