রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে বিএডিসির হাইব্রিড ভুট্টা জাতের প্রসার ও উৎপাদন বাড়াতে ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সদর উপজেলার শিবগঞ্জ পূর্ব পাড়পূগী এলাকায় ধান, গম ও ভুট্টার উন্নত বীজ উৎপাদন প্রকল্পের আওতায় বিএডিসি ঠাকুরগাঁও বীজ উৎপাদন কেন্দ্র এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএডিসির মহাব্যবস্থাপক (বীজ) আবির হোসেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাব্যবস্থাপক মোশারফ হোসেন রিন্টু ও সেলিম হায়দার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম এবং বীজ শাখার উপপরিচালক মনোয়ার হোসেনসহ অনেকে।
মাঠ দিবসে কৃষক ইব্রাহিম জানান, তিনি পাঁচ বিঘা জমিতে বিএডিসি হাইব্রিড-৩ ভুট্টা চাষ করে ভালো ফলন পেয়েছেন। প্রতি ৫০ শতকে ৯০ থেকে ১০০ মণ পর্যন্ত উৎপাদন হয়েছে বলে তিনি জানান। এতে প্রায় দেড় লাখ টাকা খরচে তিন লাখ টাকার বেশি বিক্রির আশা করছেন তিনি।
অন্য কৃষক আমিরুল ইসলাম ২৫ শতক জমিতে চাষ করে ৪৫ মণ ফলন পেয়েছেন বলে জানান। তিনি জানান, আগের জাতের তুলনায় এই ভুট্টায় ফলন অনেক বেশি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ বছর জেলায় বিপুল পরিমাণ জমিতে ভুট্টা চাষ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে কয়েক লাখ মেট্রিক টন।
ঠাকুরগাঁও কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, জেলার মাটি ও আবহাওয়া ভুট্টা চাষের জন্য উপযোগী। উন্নত জাতের বীজ কৃষকদের আগ্রহ আরও বাড়াবে।
বিএডিসি জানিয়েছে, চলতি মৌসুমে বিদেশ থেকে আনা ভুট্টা বীজ স্বল্পমূল্যে বিক্রি করা হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে সরবরাহের পরিকল্পনা রয়েছে।

