মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক নারীর দায়ের করা মামলায় চাচাতো ভাতিজার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকায় সংঘটিত এ ঘটনায় অভিযুক্ত শাহজালাল ওরফে মন্ডল (২৭) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, তার স্বামী কর্মসূত্রে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। এ সুযোগে অভিযুক্ত দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করত এবং বিয়ের প্রস্তাব দিত।
অভিযোগ অনুযায়ী, গত ২৫ এপ্রিল গভীর রাতে অভিযুক্ত জানালা দিয়ে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
ভুক্তভোগী আরও জানান, অভিযুক্ত তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখাত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিত। সামাজিক কারণে এতদিন বিষয়টি গোপন থাকলেও পরে তিনি আইনি পদক্ষেপ নেন।
স্থানীয়রা জানান, অভিযুক্তের আচরণ নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল। তবে পারিবারিক সম্পর্কের কারণে বিষয়টি গুরুত্ব পায়নি।
এদিকে অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই সে আত্মগোপনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নাগেশ্বরী থানার পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

