মোঃ আলমগীর হোসাইন
স্টাফ রিপোর্টার
পঞ্চগড় জেলার আইন-শৃঙ্খলা সেবা আরও আধুনিক ও জনবান্ধব করতে পঞ্চগড় সদর থানার নতুন ভবনের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। তিনি ফলক উন্মোচনের পর মাটি কেটে নির্মাণকাজের সূচনা করেন। এ সময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার বলেন, আধুনিক অবকাঠামো ছাড়া সময়োপযোগী পুলিশি সেবা নিশ্চিত করা সম্ভব নয়। নতুন ভবনটি নির্মিত হলে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নত হবে এবং সাধারণ মানুষ আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে সেবা নিতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত) মোঃ তৌহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (প্রবি) মোঃ জোবায়ের ইসলামসহ জেলা পুলিশ ও গণপূর্ত বিভাগের কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ভবনের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

